কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল হোসেন সেখানে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ক্যাম্পের বাবুর্চি রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
পরবর্তীতে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে তার ব্যবহৃত তোয়ালে, টর্চলাইট, মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল বা অজু করার সময় স্ট্রোক করে অথবা পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আমীন জানান, ময়নাতদন্ত ও আইনি তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























