কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জীবন বাজি রেখে এক ডাকাতকে জাপটে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন শাহাদত আনোয়ার শিবলী বাবু নামে এক সাহসী যুবক। ডাকাতদলের ছুরিকাঘাতে গুরুতর আহত ওই যুবক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার খোদাইবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শেষ রাতে বসতঘরের দরজার তালা ভাঙার শব্দে বাবুর ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান একদল ডাকাত ঘরে ঢুকেছে। এসময় তিনি সাহসিকতার সাথে ডাকাতদের বাধা দিলে একজন তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করার চেষ্টা করে। বাবু হাত দিয়ে তা প্রতিহত করেন এবং এক ডাকাতকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও বাবু একজনকে ছাড়েননি।
ঘটনার পর প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং আটক ডাকাতকে পুলিশে সোপর্দ করেন। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও পুলিশের পক্ষ থেকে দ্রুত সাড়া পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
রিপোর্টারের নাম 

























