ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল ওই ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানান, সকালে তিনি জাল নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এক পর্যায়ে পা পিছলে গভীর পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























