রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম হীরা (৪০) উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোরাই মোড় এলাকায় শরিফুল ইসলাম হীরার সঙ্গে কামরুল নামের এক ব্যক্তির পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। বিতণ্ডার একপর্যায়ে কামরুল ধারালো ছুরি দিয়ে হীরার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ৫ থেকে ৬ হাজার টাকার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কামরুল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 























