নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন—বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার সহোদর জাহাঙ্গীর আলম (৪৬)। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবাহী ভটভটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অবৈধ ভটভটি চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। হাইওয়ে পুলিশ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত তদারকি ও মামলার ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























