ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার একটি সম্মানজনক উপায় খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কেইন মনে করছেন এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তা যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে।
প্রতিবেদনে জানা গেছে, জেনারেল কেইন ইতোমধ্যে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি বিশ্বাস করেন, কেবল বিমান হামলার মাধ্যমে তেহরানকে আলোচনার টেবিলে আনা বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সরাসরি স্থল সেনা পাঠাতে আগ্রহী নন এবং তিনি মনে করেন বিমান হামলার চাপেই ইরানকে নতুন চুক্তিতে বাধ্য করা যাবে। তবে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায় থেকে এই কৌশলের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। জেনারেল কেইন মূলত মার্কিন সামরিক বাহিনীকে আরও বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করতেই এই বিকল্প পথের প্রস্তাব দিয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জোসেফ হলস্টেড অবশ্য এই গোপন আলোচনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ট্রাম্প প্রশাসনের ভেতরে এখন যুদ্ধ বন্ধের একটি গ্রহণযোগ্য কৌশল তৈরির চেষ্টা চলছে, যা যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবে।
রিপোর্টারের নাম 























