জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী টাইফুন ‘নং-১৩’ আঘাত হানার আশঙ্কায় চরম সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কিউশু ও ওকিনাওয়া প্রিফেকচারের প্রায় ২ লাখ ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ইতোমধ্যে দেশি-বিদেশি ৫ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, এই টাইফুনের প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারী বৃষ্টিপাত ও উত্তাল সাগরের কারণে আকস্মিক বন্যার ঝুঁকিও দেখা দিয়েছে। নিরাপত্তার খাতিরে বিশ্বখ্যাত অটোমোবাইল কোম্পানি টয়োটা তাদের নয়টি কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
উল্লেখ্য, কিউশু অঞ্চলের কিছু এলাকা এখনো গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই টাইফুনের এই সতর্কতা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আবহাওয়া দপ্তর একই সাথে তীব্র তাপপ্রবাহ ও হিটস্ট্রোকের বিষয়েও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
রিপোর্টারের নাম 
























