ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের টানা ৩৫ দিন খাবার সরবরাহ করে আলোচনায় আসা মোহাম্মদ জুনায়েদ মালিক এবার ঝাড়খণ্ডের রাঁচিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। তাদের সেবায় নিজের একটি স্বেচ্ছাসেবী দল নিয়ে সেখানে হাজির হয়েছেন ৩০ বছর বয়সী এই এলএলবি শিক্ষার্থী।
জুনায়েদ জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য তিনি ও তার দল নিয়মিত সকালের নাস্তা এবং খাবারের ব্যবস্থা করছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে লড়াই করছে, আর আমরা মানবিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রতি শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি।
এদিকে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়ম বিরোধী এই আন্দোলন শুক্রবার ১৪তম দিনে প্রবেশ করেছে। বর্তমানে বেশ কয়েকজন আন্দোলনকারী আমরণ অনশন পালন করছেন, যাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় আন্দোলনকারীরা তাদের কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন।
রিপোর্টারের নাম 
























