হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতে আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় উপস্থিত হবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, এই সফরের মূল উদ্দেশ্য প্রবীণ আলেমেদ্বীন আল্লামা বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করা। এছাড়া প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেবেন। এর আগে জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আল্লামা বাবুনগরী উপস্থিত থাকলেও সময়ের অভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ সম্ভব হয়নি। পরবর্তীতে প্রধানমন্ত্রী টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে ফটিকছড়ি উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে চলছে প্রস্তুতিমূলক কাজ। উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















