রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণে ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক এক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনী পরিদর্শনকালে জাতীয় রাজনীতি ও বর্তমান সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় বিভিন্ন স্লোগান দেন। সারজিস আলমের নেতৃত্বে ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এবং ‘গোলামি না আজাদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ, যেখানে জামায়াত নেতারাও একাত্মতা প্রকাশ করেন।
প্রদর্শনী শেষে এক বক্তব্যে নাহিদ ইসলাম বর্তমান সরকারের কূটনৈতিক দক্ষতার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতার কারণেই ভারতে অবস্থানরত বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান সংবাদ সম্মেলন করার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ‘হ্যাঁ’ ভোটের রায় বর্তমান সরকার সঠিকভাবে প্রতিফলন করতে পারেনি। দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকারের পক্ষে দেশ পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।
রিপোর্টারের নাম 





















