পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই পুত্র কাসিম ও সুলাইমান খান। তারা অভিযোগ করেছেন, গত সাত মাস ধরে তাদের বাবাকে পরিবার, আইনজীবী কিংবা চিকিৎসক—কারও সঙ্গেই দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানের কারাবাসের তৃতীয় বার্ষিকীতে সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারা এই দাবি করেন।
কাসিম ও সুলাইমান জানান, দীর্ঘ সময় ধরে বাবার কোনো খবর না পাওয়ায় তারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। তারা আরও অভিযোগ করেন, যখনই তারা ইমরান খানের কারাবাস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলেন, তখনই পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি করে এবং প্রশাসনিক বাধার সৃষ্টি করে। এমনকি তাদের পরিচয়পত্রের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হচ্ছে না বলে তারা জানান।
ইমরান খান ২০২৩ সাল থেকে দুর্নীতির অভিযোগ ও রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের মামলায় কারাবন্দি রয়েছেন। তবে তার দল পিটিআই এবং সমর্থকদের দাবি, তার রাজনৈতিক উত্থান ঠেকাতে বিগত সরকারের আমল থেকেই এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে স্বজনদের দেখা করার অনুমতি দিতে পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























