নাটোরের উত্তরা গণভবনের সামনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা চলাকালে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম তামিম (২৩), তিনি নাটোরের প্রয়াত বিএনপি নেতা শামসুল আলমের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে গেটসংলগ্ন একটি অস্থায়ী মঞ্চে পথসভায় বক্তব্য দিচ্ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় মঞ্চের আশেপাশে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় তামিম নামের ওই যুবক তার খুব কাছাকাছি চলে আসেন এবং দুইবার ধাক্কা লাগে। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার পকেটে একটি পিস্তল পাওয়া যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জননিরাপত্তার স্বার্থে ওই যুবককে তাৎক্ষণিক আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তামিম দাবি করেছেন, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা এবং তিনি নিজের নিরাপত্তার জন্য সেটি সাথে রেখেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে স্পর্শকাতর এই স্থানে কেন তিনি অস্ত্র নিয়ে মন্ত্রীর এতো কাছে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
রিপোর্টারের নাম 






















