পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক সামরিক অভিযানে ভারত-সমর্থিত ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, একদিন পূর্বে খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক সংঘর্ষে এই সন্ত্রাসীরা নিহত হয়। আইএসপিআর নিহতদের ভারত-সমর্থিত ‘ফিতনা আল খারিজির’ সদস্য হিসেবে দাবি করেছে, যা পাকিস্তান নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের বোঝাতে ব্যবহার করে থাকে।
আইএসপিআর জানায়, প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে দক্ষিণ ওয়াজিরিস্তানের আজম ওয়ারসাক এলাকায়, যেখানে একদল সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে হামলা চালানোর চেষ্টা করে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সেনারা কার্যকরভাবে এই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। পরবর্তী গোলাগুলিতে আমাদের সেনাদের কার্যকর ও নিখুঁত প্রচেষ্টায় আটজন খারিজি নিহত হয়।’
এছাড়াও, দির জেলায় সংঘটিত আরেকটি সংঘর্ষে আরও দুজন খারিজি নিহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আইএসপিআর জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং তারা অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
রিপোর্টারের নাম 
























