যশোরের বাঘারপাড়ায় নিজ বসতঘর থেকে এক গৃহবধূ ও তার ছয় বছর বয়সী শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহতরা হলেন—জুবায়দা খাতুন (৩২) ও তার ছেলে জিসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় জুবায়দার স্বামী জাকির হোসেন স্থানীয় বহরামপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। খবর পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পান, শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং একই বিছানায় তার মায়ের গলায় ওড়না প্যাঁচানো ছিল। তবে ওড়নার দুই প্রান্ত জুবায়দার নিজের হাতে ধরা থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
বাঘারপাড়া থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক মনে হচ্ছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে পুলিশ গভীর তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 





















