টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের বাহারুল ইসলাম ওরফে কানা বাহার এবং কাঠুরি গ্রামের মাছুম মিয়া। পুলিশ জানিয়েছে, বাহারুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের নাম রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























