বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সভায় সাকিবের অংশগ্রহণের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়। বুধবার রাত সাড়ে নয়টার দিকে মাগুরা শহরের ওই বাসভবনে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন জানান, সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ে সাকিবের যুক্ত হওয়ার সংবাদে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বেশ কিছু মোটরসাইকেলে আসা একদল লোক সাকিবের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় এবং বাড়ির প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
উল্লেখ্য, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। জুলাই গণঅভ্যুত্থানের সময় তার বিতর্কিত ভূমিকা এবং পরবর্তীতে একটি হত্যা মামলায় নাম আসায় তিনি দীর্ঘ সময় ধরে জনরোষের মুখে রয়েছেন। সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর সাথে নতুন করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 



















