বিগত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ স্থিরচিত্র প্রদর্শনী। ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলারা চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি। এছাড়া শফিকুল ইসলাম মাসুদ এমপি, মোহাম্মদ কামাল হোসেন এমপি, রাশেদুল ইসলাম রাশেদ এমপি এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
জুলাই আন্দোলনের বীরত্বগাথা এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীটি বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার অনেক বিরল ও ঐতিহাসিক চিত্র স্থান পেয়েছে।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, দুই বছর আগের সেই রক্তঝরা দিনগুলো বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শিশু থেকে বৃদ্ধ—সবাইকে এই সত্য ইতিহাস জানতে হবে। তিনি আরও বলেন, দেশে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে। শহীদ ও আহত পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বর্তমান সরকারকে বিগত দিনের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 



















