তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই ত্যাগের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে সক্ষম হয়েছে। গতকাল (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ দিবস’ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৭ বছরের দীর্ঘ আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের সহকর্মী, ভাই-বোনেরা অকাতরে সংগ্রাম করেছেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফলাফল অর্জিত হয়েছিল, আজ (২০২৬ সালের ৫ আগস্ট) তার দুই বছর পূর্ণ হলো।
নিজের রাজনৈতিক কর্মপন্থা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের কঠিন সময়ে যখন কেউ নান্দাইলে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার সাহস পায়নি, তখন তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এসময় উপস্থিত নেতা-কর্মীরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাতে সায় দেন।
সভায় তথ্য প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি তালিকাভুক্ত শহীদ পরিবারকে আগামী দুই মাসের মধ্যে আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের বাড়িতে আগামী সাত দিনের মধ্যে নলকূপ স্থাপন করা হবে এবং নান্দাইলের শহীদ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 


















