সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের এক শ্রেষ্ঠ অর্জন। এই চেতনাকে কেবল স্মৃতি হিসেবে ধরে রাখলে চলবে না, বরং একে কাজে লাগিয়ে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য।
বুধবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
এমপি সুলতানা জেসমিন বলেন, “নাজিরপুর আমার নিজের এলাকা, এখানে আমার শেকড়। আমি এই উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। বিগত সরকারের আমলে এলজিইডিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তা এই এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমরা সেই কলঙ্কমুক্ত হয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই।”
এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের জনস্বার্থে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুর রাজ্জাক। এছাড়া বিএনপি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশেরও আয়োজন করা হয়।
রিপোর্টারের নাম 

























