সুনামগঞ্জের ছাতকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুবায়ের আহমদ জয় (২৮) নামে এক তরুণ সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের আহমদ জয় ছাতক পৌরসভার নোয়ারাই ইসলামপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের তথ্যানুসারে, তিনি সাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তে পুলিশ তৎপর রয়েছে। নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























