বরিশাল জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান (উপমন্ত্রীর পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
রোববার স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. আশরাফ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এই নিয়োগের ফলে কুদ্দুসুর রহমান জেলা পরিষদের প্রশাসকের পাশাপাশি রেড ক্রিসেন্টেরও নেতৃত্ব দেবেন।
আকন কুদ্দুসুর রহমান ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী প্রচার সম্পাদক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়াও তিনি উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। দলের নেতাকর্মীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন, যার ফলস্বরূপ তাকে একাধিক মামলার সম্মুখীন হতে হয় এবং কারাভোগ করতে হয়।
গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করার পর দলের প্রতি তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবার রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্তি তার রাজনৈতিক জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
রিপোর্টারের নাম 

























