রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন-সংলগ্ন এলাকায় একটি ব্যাগে মোড়ানো ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে কোনো বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি; বরং উদ্ধার হয়েছে পান, সুপারি ও জর্দার কৌটা।
পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশ একটি ব্যাগে মোড়ানো ককটেল বোমাসদৃশ বস্তু দেখতে পায়। বিষয়টি দ্রুত মিরপুর মডেল থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। এরপর দুপুর সোয়া ১টার দিকে ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে আসল রহস্য উন্মোচন করে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বোমাসদৃশ ব্যাগ থেকে পান, সুপারি ও জর্দার কৌটা পাওয়া গেছে। এখানে কোনো বোমা বা বিস্ফোরকজাতীয় দ্রব্য ছিল না। এই ঘটনার মধ্য দিয়ে এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক প্রশমিত হয়।
রিপোর্টারের নাম 

























