ব্রাজিলীয় ফুটবলে এক নজিরবিহীন ও কঠোর শাস্তির মুখোমুখি হয়েছেন ইন্টারন্যাসিওনাল ক্লাবের ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েল। ক্রুজেইরোর বিপক্ষে ম্যাচে তার মারাত্মক ট্যাকেলে গুরুতর চোট পান ক্রুজেইরোর ফরোয়ার্ড গ্যাব্রিয়েল পেক। লা গ্যালাক্সি থেকে সদ্য ক্রুজেইরোতে যোগ দিয়ে অভিষিক্ত হওয়া পেকের বাঁ পায়ের শিনবোন ভেঙে যায়। ম্যাচের ওই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ভিক্টরকে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস প্রচলিত সাধারণ শাস্তির পরিবর্তে এক ব্যতিক্রমী রায় দিয়েছে। আদালতের রায় অনুযায়ী, যতদিন পর্যন্ত গ্যাব্রিয়েল পেক পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে না পারছেন, ততদিন ভিক্টর গ্যাব্রিয়েল সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল খেলার বাইরে থাকবেন। তবে এই নিষেধাজ্ঞার সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৮০ দিন।
শুনানিকালে ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েল নিজের ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত। তিনি জানান, এই ঘটনায় তার কোনো দুরভিসন্ধি ছিল না এবং ঘটনার পর থেকে তিনি নির্ঘুম রাত কাটিয়ে পেকের সুস্থতার জন্য প্রার্থনা করে গেছেন। ফুটবল মাঠে এ ধরনের বিপজ্জনক ফাউল রোধে ব্রাজিলের ক্রীড়া আদালতের এই ঐতিহাসিক ও কঠোর সিদ্ধান্ত বিশ্বজুড়ে ক্রীড়ামহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 






















