দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশ সব খাতের শ্রমিকদের জন্য এই সুযোগ তৈরি করতে একমত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মাহ্দী আমিন বলেন, ‘আমরা একটি বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। মালয়েশিয়া সরকারের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী মাসের শেষ নাগাদ প্রথম দফার কর্মীরা মালয়েশিয়া যাত্রা শুরু করবেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাঠানো রিক্রুটিং এজেন্সির তালিকার বিষয়ে উপদেষ্টা জানান, বর্তমান সমঝোতা স্মারকের ভিত্তিতে মালয়েশিয়া সরকার নিজস্ব যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত এজেন্সির সংখ্যা নির্ধারণ করবে। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সিন্ডিকেট বা দুর্নীতির সাথে জড়িত কোনো সংস্থাকে নতুন তালিকায় স্থান দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও অনৈতিক বাণিজ্যে জড়িত বেশ কিছু এজেন্সির লাইসেন্স বাতিল করেছে। সাধারণ মানুষকে দালালের খপ্পরে না পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং নির্ধারিত খরচে কর্মী পাঠানোর বিষয়টি বর্তমান সরকার কঠোরভাবে পর্যবেক্ষণ করছে।
রিপোর্টারের নাম 

























