দেশের গ্যাস সংকট এবং এর ফলে সৃষ্ট নাগরিক দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানান।
তিনি বলেন, বর্তমানে দেশের নাগরিকরা এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটের সম্মুখীন। এই সংকটের কারণে বাসাবাড়িতে রান্নাবান্না, সিএনজিচালিত গাড়ির ব্যবহার এবং কলকারখানার উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এতে জনজীবনে চরম দুর্দশা নেমে এসেছে।
অ্যাডভোকেট জুবায়ের আরও উল্লেখ করেন যে, বেশ কিছুদিন ধরে এই তীব্র গ্যাস সংকটের ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকার সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এর ফলে নাগরিকদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং তাদের ভোগান্তি চরমে উঠেছে। তিনি মনে করেন, অবৈধ গ্যাস সংযোগ, সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম এবং সিন্ডিকেট এই সংকটের জন্য অনেকাংশে দায়ী। কৃত্রিমভাবে গ্যাস সংকট তৈরি করে দাম বাড়ানোর কোনো পাঁয়তারা চলছে কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
নাগরিকদের দুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খনন, বিদ্যমান কূপ থেকে উত্তোলন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করতে হবে।
জামায়াতের এই নেতা আরও বলেন, সরকার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের পরিবর্তে অসাধু চক্রকে সুবিধা দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এর ফলেই দেশজুড়ে এই চরম গ্যাস সংকট দেখা দিয়েছে। তিনি অবিলম্বে এই সংকট নিরসন করে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















