জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে তিন দিনব্যাপী ‘ষষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী’ শুরু হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে এই প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তোলা নির্বাচিত ও সেরা আলোকচিত্র স্থান পেয়েছে। এখানে সৃজনশীলতা, সমাজ-বাস্তবতা, সংস্কৃতি, প্রকৃতি, মানুষের জীবনসংগ্রাম এবং সমসাময়িক নানা বিষয়কে কেন্দ্র করে তোলা ছবিগুলো প্রদর্শন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম। তিনি বলেন, ‘ফটোগ্রাফি কেবল একটি শিল্প নয়, এটি ইতিহাসকে ধারণ করার এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। একটি ছবি অনেক সময় একটি যুগের গল্প বলে। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং সমাজকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
তিনি আরও বলেন, ‘শহিদ সাজিদের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই প্রদর্শনী নতুন প্রজন্মকে দায়িত্ববোধ, মানবিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। তরুণ আলোকচিত্রীদের কাজের মধ্য দিয়ে সমাজের নানা গল্প ও বাস্তবতা মানুষের সামনে উঠে আসবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বলেন, “জুলাই আন্দোলনের শহীদ সাজিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আয়োজন। এটি শুধু একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা নয়, বরং স্মৃতি, সংগ্রাম ও সৃজনশীলতার এক মিলনমেলা। শিক্ষার্থীদের ক্যামেরায় ধরা পড়া গল্পগুলো দর্শনার্থীদের ভাবাবে এবং অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য, ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রিপোর্টারের নাম 



















