পরিবেশ সুরক্ষায় এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী ২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোলের আল-আজহার ইসলামিক একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আল-আজহার ইসলামিক একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের দিনাজপুর অঞ্চলের বৃক্ষরোপণ কর্মসূচির তত্ত্বাবধায়ক রোকনুজ্জামান, সুমন, আব্দুল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মাহর কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে ২ লাখ গাছের চারা বিতরণ ও রোপণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকেও এ ধরনের উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান, যা পরিবেশের সবুজায়ন বৃদ্ধি করবে এবং ফলজ গাছের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে। তিনি শিক্ষার্থীদের গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার ওপর জোর দেন এবং পরিবেশ রক্ষায় তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন। বনায়নের প্রসারে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য শুধু গাছের চারা বিতরণ নয়, বরং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার মাধ্যমে একটি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা। তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।
রিপোর্টারের নাম 





















