কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, শিক্ষার্থীদের তাদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মাহ্দী আমিন আরও বলেন, যারা গবেষণা ও উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করতে চান, তাদের জন্য সরকার প্রয়োজনীয় অবকাঠামো, উপকরণ এবং আর্থিক সহায়তা প্রদান করবে। একইভাবে, যারা কৃষিভিত্তিক বা অন্য কোনো খাতে উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের উদ্যোগ সফল করার জন্যও সরকার প্রশাসনিক ও আর্থিক সহায়তা দেবে।
রবিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ‘কৃষিই কৃষ্টি-কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক আলোচনায় মাহ্দী আমিন এই কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, সেই যাত্রায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নতুন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয়ে তাদের নতুন জীবনের সূচনা এই সরকারের আমলেই হচ্ছে এবং চার বছর পর যখন তারা স্নাতক সম্পন্ন করবেন, তখনও এই সরকারের ধারাবাহিকতাই বজায় থাকবে। তাই সরকারের বিভিন্ন নীতি, পরিকল্পনা এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনা শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বাস্তবে প্রতিফলিত হয়ে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
মাহ্দী আমিন উল্লেখ করেন যে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে দেশের সকল কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত বর্তমান গণতান্ত্রিক সরকার গ্রহণ করেছে।
রিপোর্টারের নাম 





















