ভালোবাসা, অপেক্ষা এবং বিরহের গভীর আবেগকে কেন্দ্র করে তাদের নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের এই গানটি তাদের চতুর্থ মৌসুমের তৃতীয় পরিবেশনা হিসেবে শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রকাশিত হয়েছে।
গানটির কথা ও সুর করেছেন ইশান এবং সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান। এই গানে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক। ‘পাতার বাঁশরি’ মূলত প্রেমের অনুভূতিকে ঘিরে নির্মিত একটি গান। গানের কথায় একজন প্রেমিকের আকুলতা ফুটে উঠেছে, যিনি প্রিয়জনের বাঁশির সুরে বারবার ভালোবাসার টান অনুভব করেন। দূরে সরে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত ভালোবাসার কাছে ফিরে আসার এক হৃদয়স্পর্শী গল্প এই গানের মূল উপজীব্য। এর পাশাপাশি অপেক্ষা, না বলা অনুভূতি ও বিরহের আবেগও গানটিতে সুন্দরভাবে স্থান পেয়েছে।
গানটির মিউজিক ভিডিওর চিত্রধারণ হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে। গানের বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ঐতিহাসিক স্থানটি বেছে নেওয়ায় ভিডিওটিতে এক নান্দনিক মাত্রা যোগ হয়েছে। প্রাচীন স্থাপনা ও নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ প্রেমের গল্পকে আরও প্রাণবন্তভাবে তুলে ধরেছে।
গানটিতে প্রিয় মানুষকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, দূরে থাকার বেদনা এবং ভালোবাসার সূক্ষ্ম অনুভূতিগুলো সহজ ভাষায় প্রকাশ করা হয়েছে। কথা, সুর এবং দুই শিল্পীর অনবদ্য কণ্ঠের সমন্বয়ে প্রেম ও বিরহের এই আবেগ শ্রোতাদের নিজেদের ভালোবাসার স্মৃতি মনে করিয়ে দিতে পারে বলে সংগীতসংশ্লিষ্টরা মনে করছেন।
‘পাতার বাঁশরি’ গানটি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করার জন্য উপলব্ধ রয়েছে।
রিপোর্টারের নাম 

























