কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও সম্পর্কে ভাগ্নী হওয়া এক নারীকে বিয়ে করার অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার প্রথম স্ত্রী আদালতে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত যুবদল নেতার নাম আরিফ প্রধান (৩৮)। তিনি উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। আরিফ প্রধান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, আরিফ প্রধান তার প্রথম স্ত্রী মোসা. লিজা আক্তার ও দুই সন্তানকে না জানিয়ে প্রতিবেশী চাচাতো বোনের মেয়েকে বিয়ে করেন। এই ঘটনায় লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় আরিফ প্রধানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























