বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হিরা। তিনি অভিযোগ করেন, ভিন দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের সম্পদ লুটপাট এবং ব্যাংক থেকে টাকা পাচার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদা বেগম হিরা বলেন, বিগত সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিল এবং সাধারণ মানুষের ওপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে। তাদের শাসনামলে মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার হারিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল যাতে সাধারণ মানুষ তাদের শোষণ-শাসন বুঝতে না পারে। শেষ পর্যন্ত জনগণের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
চৌদ্দগ্রামের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
রিপোর্টারের নাম 























