দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরের মধ্যে থাইল্যান্ডে নিজের ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুরে একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তাঁর ফেরার কথা থাকলেও দুই দিন আগেই তিনি দেশে ফিরলেন।
সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাঁর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। এ ছাড়া সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই সেই দায়িত্ব পালন করেন। বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে স্পিকারের দেশে ফেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্তমানে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর হৃদ্রোগের পাশাপাশি স্নায়বিক কিছু সমস্যাও ধরা পড়েছে। যদিও বৃহস্পতিবার তিনি বঙ্গভবনে দাপ্তরিক কাজ সম্পন্ন করেছেন এবং কয়েকটি ফাইলে স্বাক্ষর করেছেন, তবে তাঁর শারীরিক অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানামুখী আলোচনা চলছে।
রিপোর্টারের নাম 























