ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে এনসিওর লেক সিটির পাশে গাছের ডাল পড়ে হারুন (২৭) নামে এক ইন্টারনেট টেকনিশিয়ান নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হারুন একই ইউনিয়নের বাসিন্দা এবং মৃত রতনের ছেলে। তিনি ভোলা ডট নেট নামক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
ভোলা ডট নেটের সিনিয়র টেকনিশিয়ান মো. শাহিন জানান, তিনি এবং হারুন এনসিওর লেক সিটির পাশেই তাদের কোম্পানির গ্রাহক সেবার জন্য লাইনের কাজ করছিলেন। এ সময় দুজন ব্যক্তিকে এনসিওর লেক সিটির গাছ কাটতে দেখা যায়। শাহিন ও হারুন তাদের ঝুঁকিপূর্ণভাবে গাছ কাটতে নিষেধ করলেও তারা কর্ণপাত করেননি। হঠাৎ একটি বড় গাছের ডাল এসে হারুনের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় হারুন লুটিয়ে পড়েন। তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, গাছ কাটার কাজে জড়িত মো. ফারুক নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
এনসিওর লেক সিটির স্বত্বাধিকারী ওবায়দুর রহমান জানান, তারা ইউসুফ নামে এক বেপারীর কাছে গাছগুলো বিক্রি করেছিলেন এবং তারাই গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটেছে। তবে ইউসুফ বেপারীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























