মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৮ ফুট দীর্ঘ একটি বিশাল অজগর। মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে এটি প্রথম দেখতে পান পথচারী ওয়াসিম মিয়া। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কেউ কেউ সাপটিকে মেরে ফেলারও চেষ্টা করেন।
তবে স্থানীয় সচেতন ব্যক্তিরা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন।
পরবর্তীকালে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখান থেকে এটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিরাপদে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক।
কাজী নাজমুল হক জানান, অজগর বিষধর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি লোকালয়ে যেকোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























