ভারতের রাজধানী দিল্লিতে ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত ‘সংসদ চলো’ পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। সোমবারের এই ঘটনায় পুলিশ সদস্য এবং বিক্ষোভকারী মিলিয়ে অন্তত ১৭৮ জন আহত হয়েছেন। বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগে প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পাথর ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। তারা একাধিক ব্যারিকেড ভেঙে পুলিশের ওপর হামলা চালায়। এই সহিংসতায় পুলিশের বিশেষ কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার, উপ-কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কয়েকজন নারী পুলিশ সদস্যসহ অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রায় ৬০ জন বিক্ষোভকারীও আহত হন।
সহিংস বিক্ষোভকারীরা ১৫ থেকে ২০টি সরকারি গাড়িসহ বিপুল পরিমাণ সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দিল্লি পুলিশ। আটককৃত ৭০ জনের বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা, পুলিশকে আক্রমণ ও সরকারি সম্পত্তি বিনষ্টের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনে মামলা (এফআইআর) নথিভুক্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, সংঘাত ও আইনশৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
রিপোর্টারের নাম 

























