কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ রুট অতিক্রম করার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই জাহাজ দুটিতে আগুন ধরে যায়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত জাহাজগুলো থেকে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। আইআরজিসি জাহাজ কোম্পানিগুলোকে তাদের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে ছড়ানো কোনো ‘ভুয়া তথ্যে’ কান না দিতে এবং বিপজ্জনক হিসেবে চিহ্নিত নৌপথগুলো এড়িয়ে চলতে পুনরায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইরানি বাহিনীটি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই অঞ্চলে যতক্ষণ পর্যন্ত মার্কিন সামরিক উপস্থিতি ও তাদের তৎপরতা বজায় থাকবে, ততক্ষণ হরমুজ প্রণালিতে অস্থিরতা চলতে পারে। এমনকি প্রয়োজনে এই পথ দিয়ে তেল, গ্যাস বা সার রপ্তানি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা।
রিপোর্টারের নাম 

























