গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার পর বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাসেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সম্পা আক্তার (৩২), যিনি উপজেলার সফিপুর আন্দারমানিক এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিক কলহের একপর্যায়ে রাসেল তার স্ত্রীকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে তিনি এটিকে আত্মহত্যা বলে প্রচার করেন এবং মরদেহ জিরানী কেপিজে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নিহতের স্বজনদের কল করে সম্পা আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তিনি। তবে পরিবারের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।
ঘটনার পর অভিযুক্ত রাসেল দ্রুত দেশ ছাড়ার পরিকল্পনা করেন। গত ১৯ জুলাই সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
রিপোর্টারের নাম 
























