চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃতরা হলেন—বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন এবং আশার মেয়ে মিম। নিহত মিম স্থানীয় এলবিসি আইডিয়াল গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এবং বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, সকালে বাড়িতে থাকা একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। প্রথমে আশা খাতুন ও তার মেয়ে মিম সেই মই দিয়ে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ওসি একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 






















