চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আলীনগর এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে চাঁদাবাজি, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং পরিবারের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আশা পুতুল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘ দিন ধরে চক্রটি তাদের কাছে চাঁদা দাবি করে আসছে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর নির্যাতন চালানো হয়।
ভুক্তভোগী আশা পুতুল অভিযোগ করেন, মোস্তফা মুন্না, রিয়াদ, সাইমন, পাভেল, সুজনসহ কয়েকজন ব্যক্তি তাদের নেতৃত্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন। তিনি আরও জানান, অভিযুক্তরা পূর্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজেদের বিএনপির কর্মী-সমর্থক পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
আশা পুতুল প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান। তিনি বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার পরও অভিযুক্তদের দৌরাত্ম্য কমেনি, বরং মামলা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের স্বজনেরাও উপস্থিত ছিলেন এবং তারা অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রিপোর্টারের নাম 
























