মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলায় পুলিশ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লামিয়ার শ্বশুর খোকন বেপারী এবং তার দুই ননদ রিংকি ও লিমা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই লামিয়াকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে এবং চেতনানাশক ওষুধ খাইয়ে দেয়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় লামিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় লামিয়ার পরিবার গত ১৬ জুলাই মাদারীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিল।
মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে এই তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা জানিয়েছেন, আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।
রিপোর্টারের নাম 
























