প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভুল তথ্য, অপতথ্য এবং ফেক ভিডিও ছড়িয়ে দেশের নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের হেয় করার অপচেষ্টা রোধে সরকার বদ্ধপরিকর। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যারা পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন। ডা. জাহেদ উর রহমান জানান, এই ধরনের গুজব ও অপপ্রচার মোকাবিলায় সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে। নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব এবং সেই লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এক্ষেত্রে সরকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করবে বলে তিনি আশ্বাস দেন।
রিপোর্টারের নাম 






















