চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আলীনগর এলাকায় চাঁদাবাজি, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আশা পুতুল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার পরিবারের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন।
আশা পুতুল দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বসতবাড়িতে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় এবং পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, মোস্তফা মুন্না, রিয়াদ, সাইমন, পাভেল ও সুজনসহ কয়েকজন ব্যক্তির নেতৃত্বে তাদের বিরুদ্ধে ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর ফলে পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় ভুগছেন।
ভুক্তভোগী আশা পুতুলের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা গত ৫ আগস্টের আগে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা নিজেদের বিএনপির কর্মী-সমর্থক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, হামলা ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছেন। তিনি এই বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
আশা পুতুল উল্লেখ করেন, আইনগত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও অভিযুক্তদের দৌরাত্ম্য থামেনি। উল্টো তাদের ওপর মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি মামলার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের স্বজনরাও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























