বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ মৈমনসিংহ গীতিকার কালজয়ী পালা ‘মলুয়া’ এবার মঞ্চে আসছে। নতুন নাট্যদল ‘থিয়েট্রিক্যাল কোম্পানি’ তাদের প্রথম প্রযোজনা হিসেবে এই নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতী রচিত এই পালার নির্দেশনা ও ভাষ্য বয়ান করেছেন সাইফুল জার্নাল। প্রযোজনাটি মূলত সংগীতনির্ভর, যেখানে একটি গানের দল পরিবেশনার পাশাপাশি অভিনয়েও অংশ নেবে। নির্দেশকের মতে, লোকজ সংস্কৃতির আদি রূপকে আধুনিক মঞ্চে নতুন আঙ্গিকে উপস্থাপন করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
নাটকটির সঙ্গে যুক্ত আছেন অভিজ্ঞ নাট্যশিক্ষক ও শিল্পীরা। এর সংগীত ও নৃত্য পরিকল্পনায় লোকজ ধারাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হাসনাত রিপন, নুসরাত ইরাসহ একঝাঁক তরুণ ও অভিজ্ঞ অভিনয়শিল্পী। প্রাচীন এই পালাটির মাধ্যমে দর্শকদের শেকড়ের সন্ধানে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে নাট্যদলটি।
রিপোর্টারের নাম 
























