বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতী রচিত মৈয়মনসিংহ গীতিকার অমর পালা ‘মলুয়া’ এবার মঞ্চে আনছে নতুন নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি। তাদের প্রথম প্রযোজনা হিসেবে আগামী বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে থিয়েট্রিক্যাল কোম্পানি জানিয়েছে, শতাব্দীপ্রাচীন এই পালাটির ভাষ্য বয়ান ও নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল। গানের দল ‘সর্বনাম’-এর সদস্য, বিভিন্ন নাট্যদলের অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও নাট্য পরামর্শকের যৌথ ভাবনায় প্রযোজনাটি মঞ্চে আসছে।
সংগীতনির্ভর এই পালার মূল পারফরম্যান্স সাজানো হয়েছে একটি গানের দলকে কেন্দ্র করে; যারা পরিবেশনার পাশাপাশি অভিনয়েও অংশ নেবে। নাটকের গল্প নিয়ে নির্দেশক সাইফুল জার্নাল বলেন, ‘এই সময়ে এসে মিউজিকের আদি ও প্রকৃত পারফরম্যান্সটা নাই হয়ে যাচ্ছে। পালা, পুঁথি, গাজীর গীত—যা ছিল বাংলার প্রাত্যহিক জীবনের পরম্পরা, পরিবেশ-পরিস্থিতির কারণে এখন এর আয়োজন প্রায় শূন্য। যাও হয়, তা অপভ্রংশ। আমরা থিয়েট্রিক্যাল কোম্পানির পক্ষ থেকে চেষ্টা করছি সেই আদি লোকআঙ্গিকের মূল নির্যাসটুকু নিয়ে তা আধুনিক মঞ্চে পুনরায় সৃষ্টি করতে।’
প্রযোজনাটির পরামর্শক হিসেবে যুক্ত আছেন নাট্যশিক্ষক সাইদুর রহমান লিপন। নির্দেশনা সহযোগী হিসেবে আছেন সাইদুর শাহীন। ফোক ড্যান্স ফিউশন করছেন ফরহাদ শামীম। লোক ও প্রচলিত ধারা বজায় রেখে মিউজিক ডিজাইন করেছেন গোপী দেবনাথ; তার সহযোগী হিসেবে আছেন প্রিয়ম মজুমদার। গানের সুর প্রচলিত ও নাট্যশিক্ষক ইউসুফ হাসান অর্কের কাছ থেকে সংগৃহীত।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—হাসনাত রিপন, নুসরাত ইরা, সাইদুর শাহীন, শাহরিয়ার সজীব, প্রিয়ম মজুমদার, তাহাদিল আহমেদ, হুমায়রা স্নিগ্ধা, গোপি দেবনাথ, ফরহাদ শামীম, নানজীবা শৈলী, পি তে ফজল, মারিয়া ইয়াসমিন, ধ্রুব, সানজিদা চৌধুরী অরিন ও উম্মে প্রেমাসহ অনেকে।
রিপোর্টারের নাম 

























