ইতালিজুড়ে যুব-কিশোর অপরাধ দমনে পরিচালিত এক বৃহৎ পুলিশি অভিযানে ৫৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, ৪৪টি প্রদেশে একযোগে পরিচালিত এই অভিযানে আরও ৯৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৪৭ জন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ৯৭৩টি প্রোফাইল শনাক্ত করেছে, যেগুলোতে ঘৃণা, সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার উসকানি এবং আগ্নেয়াস্ত্র ও ছুরি ব্যবহারের প্রচারণা চালানো হচ্ছিল। এর মধ্যে দুটি অ্যাকাউন্ট বন্ধ করার সম্ভাবনা বিবেচনায় বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযানের সময় পুলিশ প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যক্তির পরিচয় যাচাই করে, যার মধ্যে ১৯ হাজারের বেশি ছিল অপ্রাপ্তবয়স্ক। মাদক কেনাবেচা এবং রাতের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হয়।
পুলিশ ৭০০ কেজির বেশি মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে ছিল ৪১ কেজি কোকেন, ৬৬০ কেজি ক্যানাবিনয়েড, ২ কেজি কেটামিন, প্রায় ১ হাজার অক্সিকোডোন ট্যাবলেট, পাশাপাশি এক্সট্যাসি, এমডিএমএ, মেথঅ্যামফেটামিন ও বেঞ্জোডায়াজেপিন। এ ছাড়া ১ হাজার ১৮২টি স্থাপনায় তল্লাশি চালানো হয়, যার মধ্যে ছিল সঙ্গীহীন বিদেশি অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৪টি আশ্রয়কেন্দ্র, ১১৭টি গেমিং আর্কেড, ৫৪৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন জনসমাগমস্থল।
অভিযানে ৩ লাখ ৭ হাজার ইউরো (প্রায় ৩ লাখ ৫১ হাজার মার্কিন ডলার) নগদ অর্থ, ৪৯টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ৮৭টি ধারালো অস্ত্র এবং আরও ৯৫টি সম্ভাব্য হামলায় ব্যবহৃত বস্তু জব্দ করা হয়েছে। এছাড়া স্বর্ণের চেইন ও মোবাইল ফোনসহ চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ ৫০৬টি প্রশাসনিক জরিমানা করেছে, যার বেশিরভাগই মাদক সেবন এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে অ্যালকোহল বিক্রির অভিযোগে।
রিপোর্টারের নাম 
























