ভারতের রাজধানী দিল্লিতে বর্তমানে তীব্র রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের মধ্যেই পাঞ্জাবের কৃষকরা নতুন করে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন, যা ক্ষমতাসীন মোদি সরকারকে নতুন করে চাপে ফেলেছে।
মঙ্গলবার পাঞ্জাবের কৃষকরা ‘দেশ বাঁচাও মোর্চা’ কর্মসূচির অংশ হিসেবে দিল্লির উদ্দেশে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেবে। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক জাতীয় পতাকা ও নিজেদের দাবি সম্বলিত ব্যানার নিয়ে ট্র্যাক্টরযোগে এই মিছিলে যোগ দেবেন বলে জানা গেছে। তাদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদি সরকারের একটি ‘গোপন’ বাণিজ্য চুক্তি ভারতীয় কৃষকদের স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এই চুক্তির ফলে সস্তা আমেরিকান কৃষিপণ্য ভারতের বাজারে প্রবেশ করে দেশীয় কৃষকদের আরও সংকটে ফেলবে বলে তারা আশঙ্কা করছেন। কৃষকরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
এর আগে, সোমবার মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটের অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরা দিল্লিতে সংসদ অভিমুখে ‘সংসদ চলো’ পদযাত্রার ডাক দেয়। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও প্রায় ২০ হাজার সিজেপি সমর্থক এই মিছিলে অংশ নিতে চাইলে নয়াদিল্লির পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
একদিকে নিট কেলেঙ্কারি নিয়ে সিজেপি-র ভয়াবহ বিক্ষোভ এবং অন্যদিকে পাঞ্জাবের কৃষকদের নতুন করে ডাকা আন্দোলন, এই দ্বিমুখী চ্যালেঞ্জ মোদি সরকারের জন্য এক কঠিন পরিস্থিতি তৈরি করেছে বলে দেশটির রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞ মহল মনে করছে।
রিপোর্টারের নাম 























