কুমিল্লার চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদ ইমাম হাসান (তায়িম) ভূঁইয়ার দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চান্দিনা পৌরসভা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা জুবায়ের আহম্মেদ। এরপর বক্তারা শহীদ ইমাম হাসানের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং তাঁর আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্মরণসভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইঞ্জারুল ইসলাম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম, শহীদ ইমাম হাসানের বড় ভাই ও জুলাই-২৪ শহীদ সোসাইটির সেক্রেটারি রবিউল তুহিন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মিজানূর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও জুলাই যোদ্ধা ব্যারিস্টার শাকেরুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সাবেক আহ্বায়ক সাকিব হুসাইন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা শাখার সাবেক সভাপতি ও জুলাই যোদ্ধা মহিউদ্দিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা পৌরসভা শাখার সদস্য সচিব ইশতিয়াক আহমেদ, সাবেক মুখ্য সংগঠক মাহমুদ হাসান তাসিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চান্দিনা পৌরসভার যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মহিবুল মানিক সরকার এবং রাব্বি বক্তব্য রাখেন।
স্মরণসভা শেষে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত করা হয়। এরপর শহীদ পরিবার, আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
রিপোর্টারের নাম 























