আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরান। দুই দেশের মধ্যে এই কূটনৈতিক যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমাদের বিষয়টি জানানো হয়েছে। বিস্তারিত তথ্য প্রকাশ না করেই বলছি, আমরা কিছু বার্তা পেয়েছি। মূল বিষয় হলো, সাম্প্রতিক দিনগুলোতে আমাদের কূটনৈতিক তৎপরতা বেশ সক্রিয় ছিল এবং নির্দিষ্ট কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন প্রস্তাব বা ধারণা পৌঁছানো হয়েছে।’
সাম্প্রতিক এই উত্তেজনা বৃদ্ধির জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে বাঘাই বলেন, ‘আমরা বারবার জোর দিয়ে বলেছি যে, আঞ্চলিক দেশগুলোর প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। তবে আমরা আশা করি তারা তাদের দায়িত্ব পালন করবে এবং তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো ধরনের হামলা চালাতে দেবে না।’
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও যোগ করেন, ‘যত দিন পর্যন্ত এসব অপরাধমূলক কর্মকাণ্ড বা হামলা চলতে থাকবে, আমাদের সশস্ত্র বাহিনীও তার উপযুক্ত জবাব দিয়ে যাবে।’
রিপোর্টারের নাম 
























