ভারী বর্ষণ ও জলাবদ্ধতার মধ্যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা কার্যক্রম সচল রাখার সিদ্ধান্তের সমালোচনা করায় জকসু সদস্য মো. জাহিদ হাসানকে প্রক্টর দপ্তরে তলব করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ইংরেজি বিভাগের চেয়ারম্যানকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাহিদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে আগামী ১৪ জুলাই প্রক্টর অফিসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, জাহিদ হাসান তার ফেসবুক পোস্টে অভিযোগ করেছিলেন যে, বৈরী আবহাওয়ার কারণে ক্লাস-পরীক্ষা স্থগিতের অনুরোধ জানানো হলেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি। তিনি দাবি করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করলেও জবি প্রশাসন শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় নেয়নি। জকসুর পক্ষ থেকে উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হওয়ার বিষয়টি তিনি ক্ষোভের সঙ্গে তুলে ধরেন।
রিপোর্টারের নাম 

























