ভারী বর্ষণের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সৃষ্ট জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়া শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে জেনারেটর, সুপেয় পানি ও শুকনো খাবারের বিশেষ ব্যবস্থা করেছে সংগঠনটি। রোববার দিনভর ক্ষতিগ্রস্ত বিভিন্ন হল এলাকা পরিদর্শন শেষে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এসব তথ্য নিশ্চিত করেন।
জলাবদ্ধ এলাকায় শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ডাকসুর পক্ষ থেকে চারটি ভ্যান এবং বিশ্ববিদ্যালয়ের বাসের ট্রিপ বাড়ানো হয়েছে। বিশেষ করে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে এই ভ্যানগুলো বিনামূল্যে সেবা দিচ্ছে। এছাড়া বিদ্যুৎহীন হলগুলোতে জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহ, মোমবাতি বিতরণ এবং ওয়াসার সহযোগিতায় সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এই পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে বলেন, প্রশাসনের অসহযোগিতার কারণে হল ও মাঠ সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে আছে। তিনি দ্রুত ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানান। এছাড়া জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে সৃষ্ট উদ্বেগ নিরসনেও প্রশাসনের সঙ্গে কথা বলেছে ডাকসু।
রিপোর্টারের নাম 
























